দুর্যোগকালীন নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধিতে তিন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণ
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-৬ অর্জনের লক্ষ্যে দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH) সেবা নিশ্চিতকরণ বিষয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইডিএম) আয়োজিত এ প্রশিক্ষণ ২০ থেকে ২২ আগস্ট কক্সবাজারের ডিপিএইচই ওয়াশ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বাংলাদেশ, নেপাল ও ইন্দোনেশিয়ার পাঁচটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিলেন ১৭ জন পুরুষ ও ৮ জন নারী। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নেপালের পোখারা ইউনিভার্সিটি, ইন্দোনেশিয়ার বান্দুং ইনস্টিটিউট অব টেকনোলজি ও আন্দালাস ইউনিভার্সিটি, বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুয়েটের প্রতিনিধিত্ব করেন।
কুয়েটের আইডিএম ছিল প্রশিক্ষণের প্রধান আয়োজক। কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সহায়তা দেয় আইটিএন-বুয়েট ও গ্লোবাল স্যানিটেশন গ্র্যাজুয়েট স্কুল (জিএসজিএস)। এছাড়া ইউনিসেফ কৌশলগত অংশীদার হিসেবে সহযোগিতা প্রদান করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জিএসজিএস রিজিওনাল হাব ফর সাউথ অ্যান্ড সাউথইস্ট এশিয়ার আঞ্চলিক পরিচালক অধ্যাপক ড. তানভীর আহমেদ, কুয়েট আইডিএমের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শাহজাহান আলী, আইটিএন-বুয়েটের পরিচালক অধ্যাপক ড. রওশন মমতাজ এবং ইউনিসেফের ওয়াশ বিশেষজ্ঞ রাফায়েল নওজো। বক্তারা জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি ও মানবিক সংকট মোকাবিলায় দক্ষ WASH পেশাজীবী তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিন দিনব্যাপী প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস, জরুরি পরিস্থিতিতে WASH ব্যবস্থাপনা, উদ্ভাবনী প্রযুক্তি, স্বাস্থ্যবিধি প্রচার, জনস্বাস্থ্য, স্ফিয়ার মানদণ্ড, মানবিক নীতিমালা এবং জরুরি পানি সরবরাহ ব্যবস্থা বিষয়ে বিভিন্ন সেশন পরিচালনা করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন কুয়েটের আইডিএমের শিক্ষকবৃন্দ ও বুয়েটের বিশেষজ্ঞরা।
প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল অংশগ্রহণকারীদের গবেষণা উপস্থাপনা ও অভিজ্ঞতা বিনিময়। বাংলাদেশ, নেপাল ও ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা নিজ নিজ দেশের দুর্যোগ ও মানবিক পরিস্থিতিতে WASH ব্যবস্থাপনার চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং উদ্ভাবনী সমাধান তুলে ধরেন। এতে আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান বিনিময় ও ভবিষ্যৎ গবেষণা সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়।
প্রশিক্ষণের শেষ দিনে অংশগ্রহণকারীরা কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। সেখানে তারা পানি সরবরাহ ব্যবস্থা, স্যানিটেশন সুবিধা এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। মাঠপর্যায়ের কর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে মানবিক সংকটকালে WASH সেবা পরিচালনার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, বন্যা ও বাস্তুচ্যুতির মতো ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে কার্যকর WASH সেবা নিশ্চিতকরণে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ গবেষণার নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
কুয়েটের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণকে দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়নের একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
