UsharAlo logo
, |

কুয়েটে চাকুরীবিধি ও আচরণবিধি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ২২, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে “গ্রেড-০৯ তদূর্ধ্ব কর্মকর্তাবৃন্দের চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি” বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডীন ও এক্টিং ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। বক্তব্যে তিনি বলেন, “একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামোকে সুসংহত করতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সকল কর্মকর্তা-কর্মচারীর বিধিমালা সম্পর্কে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি চাকুরিবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করতে পারলে প্রতিষ্ঠানের কার্যক্রমে গতিশীলতা আসবে এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে।” তিনি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের অর্জিত জ্ঞান সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে বাস্তব কাজে প্রয়োগের আহ্বান জানান।

কর্মশালায় মূল আলোচ্য বিষয় হিসেবে সরকারি চাকুরিবিধি, বিশ্ববিদ্যালয়ের স্বশাসিত বিধিমালা, কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রণীত শৃঙ্খলা ও আপিল বিধিমালা এবং ছুটি বিধিমালা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের দুই অভিজ্ঞ শিক্ষক ও প্রশাসনিক ব্যক্তিত্ব—

প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ)

প্রফেসর ড. শেখ শরিফুল আলম (ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ)

তাঁরা হাতে-কলমে উদাহরণের মাধ্যমে জটিল বিধিগুলো সহজবোধ্যভাবে ব্যাখ্যা করেন এবং প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ অপরিহার্য। আইকিউএসি ইতিমধ্যে এ ধরণের প্রশিক্ষণ ধারাবাহিকভাবে আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানের সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ নূর কুতুবুল আলম। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল গ্রেড-০৯ তদূর্ধ্ব কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

ঊআ- মোহন চৌধুরী