UsharAlo logo
, |

কুয়েটে “নবায়নযোগ্য শক্তি ও টেকসই উন্নয়ন” শীর্ষক টেকনিক্যাল সিম্পোজিয়াম অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ২০, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ দেশের জ্বালানি নিরাপত্তা, আধুনিক বিদ্যুৎ অবকাঠামো নির্মাণ ও টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের কৌশল নির্ধারণের উদ্দেশ্যে “রিনিউয়েবল এনার্জি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ” শীর্ষক টেকনিক্যাল সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

কুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সিম্পোজিয়ামে দেশের বিভিন্ন গবেষক, নীতি নির্ধারক ও শিক্ষাবিদগণ অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিইপিআরসি-এর চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইপিআরসি-এর সদস্য (উদ্ভাবন) ড. মোঃ রফিকুল ইসলাম, কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভ‚ঞা ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ খালেকুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন কুয়েট আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ নূর কুতুবুল আলম।

প্রধান অতিথি মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি তাঁর বক্তব্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে গবেষণা, উদ্ভাবন ও সরকারের বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, “টেকসই ভবিষ্যতের জন্য প্রচলিত জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির সম্পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থার মধ্যে সহযোগিতা দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।”

উদ্বোধনী পর্বের পর অনুষ্ঠিত টেকনিক্যাল সেশনে কি-নোট পেপার উপস্থাপন ও সঞ্চালনা করেন বিইপিআরসি-এর পরিচালক (উদ্ভাবন) ড. হাসান মাহমুদ। সেশনে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন কুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম এবং এনার্জি সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মোঃ শামীম হোসেন। অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি ও ভবিষ্যৎ গবেষণার দিকনির্দেশনা নিয়ে সমৃদ্ধ আলোচনা করেন।

আয়োজকরা জানান, এই সিম্পোজিয়ামের মাধ্যমে শিক্ষাবিদ ও গবেষকদের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হবে।

ঊআ- মোহন চৌধুরী