UsharAlo logo
, |

কুয়েটে প্রশ্ন প্রণয়ন ও কোর্স ফাইল প্রস্তুতি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)–এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে “কোয়েশ্চেন প্রিপারেশন, মডারেশন অ্যান্ড কোর্স ফাইল প্রিপারেশন” বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালার লক্ষ্য ছিল শিক্ষার গুণগত মানোন্নয়ন ও আউটকাম বেসড এডুকেশন (ওবিই) পদ্ধতির কার্যকর বাস্তবায়ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বক্তব্যে তিনি বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি তার শিক্ষার মান। প্রশ্নপত্র প্রণয়ন থেকে কোর্স ফাইল তৈরি পর্যন্ত প্রতিটি ধাপই ওবিই বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও উল্লেখ করেন, প্রশ্নপত্র এমনভাবে তৈরি করতে হবে যেন তা শিক্ষার্থীদের প্রকৃত মেধা, বিশ্লেষণী দক্ষতা ও অর্জিত জ্ঞানকে আন্তর্জাতিক মান অনুযায়ী মূল্যায়ন করতে পারে। পাশাপাশি পরীক্ষাসংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণের মাধ্যমে আদর্শ কোর্স ফাইল তৈরির প্রয়োজনীয়তার উপরও তিনি গুরুত্বারোপ করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। তিনি অংশগ্রহণকারী শিক্ষক ও রিসোর্স পার্সনদের ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন যে, এ প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ নূর কুতুবুল আলম।

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম. এম. এ. হাসেম ও একই বিভাগের প্রফেসর ড. কে. এম. আজহারুল হাসান। তাঁরা প্রশ্ন প্রণয়নের আন্তর্জাতিক মানদণ্ড, উত্তরপত্র মডারেশন পদ্ধতি এবং কোর্স ফাইল প্রস্তুতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে প্রায়োগিক আলোচনা উপস্থাপন করেন।

দিনব্যাপী এ কর্মশালায় সিএসই বিভাগের সকল শিক্ষক অংশগ্রহণ করেন।

ঊআ-মোহন চৌধুরী