UsharAlo logo
, |

কুয়েটে বৃক্ষরোপণ সপ্তাহের উদ্বোধন

Mohon Chowdhury
জুলাই ১২, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, সবুজ ক্যাম্পাস গঠন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ‘দুর্বার বাংলা’ ভাস্কর্যের উত্তর পার্শ্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষ কার্বন ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ এবং রোপিত গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের পরিচালক, দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’-এর এ উদ্যোগ কুয়েট ক্যাম্পাসকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।