UsharAlo logo
, |

কুয়েটে ১৪তম ও ১৫তম গ্রেডভুক্ত কর্মচারীদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ১৪তম ও ১৫তম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য ‘চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি’ বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু ও অনুকূল পরিবেশ বজায় রাখতে দক্ষ, দায়িত্বশীল ও সুশৃঙ্খল জনবল অপরিহার্য। চাকুরীর বিধিবিধান এবং সঠিক আচরণবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়, যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নূর কুতুবুল আলম।

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় দুটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ নূরুন্নবী মোল্লা চাকুরীবিধি, আচরণ ও শৃঙ্খলা, দায়িত্ব ও কর্তব্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। দ্বিতীয় অধিবেশনে আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান সময়ানুবর্তিতা, ছুটির বিধান ও প্রাপ্য সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

প্রশিক্ষণ কর্মশালায় কুয়েটের ১৪তম ও ১৫তম গ্রেডভুক্ত কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় হবে, যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

ঊআ-মোহন চৌধুরী