আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা ও প্রকাশনায় শিক্ষকদের আরও উৎসাহিত করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে কিউ-১, কিউ-২, কিউ-৩ ও কিউ-৪ ক্যাটাগরিতে প্রকাশিত গবেষণা প্রবন্ধের জন্য নির্বাচিত শিক্ষকদের হাতে প্রণোদনার অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মুহা. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন দপ্তরের উপ-পরিচালক প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনা একটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ ও বৈশ্বিক অবস্থান সুদৃঢ় করার অন্যতম পূর্বশর্ত। গবেষণার গুণগত মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক জ্ঞানভান্ডারে কুয়েটের অবদান আরও সম্প্রসারণে এ ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠন, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের জন্য মানসম্মত গবেষণার বিকল্প নেই। শিক্ষকদের গবেষণাকর্মকে উৎসাহিত ও স্বীকৃতি দিতেই বিশ্ববিদ্যালয় এ উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং মানবিক ও ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। এছাড়া বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তরপ্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মাহবুব আলম। এছাড়া বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম. এম. এ. হাসেম এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম।
প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬-এর আওতায় সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ২৭টি গবেষণা প্রবন্ধের জন্য ১৭ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ৫৪টি গবেষণা প্রবন্ধের জন্য ৩৪ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ৫৭টি গবেষণা প্রবন্ধের জন্য ৩৭ জন এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ১৮টি গবেষণা প্রবন্ধের জন্য ১১ জন শিক্ষক প্রণোদনা লাভ করেন।
বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় অনুমোদিত প্রকাশনা প্রণোদনা বিধিমালার আওতায় গঠিত নির্বাচন কমিটি আন্তর্জাতিক সাময়িকীর মান, অবস্থান ও নির্ধারিত মানদণ্ড পর্যালোচনা করে ২০২৫–২০২৬ অর্থবছরের জন্য ৯৯ জন শিক্ষককে নির্বাচিত করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ উদ্যোগ গবেষণাবান্ধব পরিবেশ আরও জোরদার করবে এবং আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনায় শিক্ষকদের অংশগ্রহণ বৃদ্ধি করবে।
