খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রয়াত শিক্ষার্থী মো. রেজওয়ানুল হকের পরিবারের হাতে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ প্রয়াত শিক্ষার্থীর বাবা মো. দুরুল হুদার হাতে এ সহায়তার অর্থ তুলে দেন। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, রেজওয়ানুল হকের অকাল মৃত্যু কুয়েট পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। কোনো আর্থিক সহায়তা সন্তানের শূন্যতা পূরণ করতে না পারলেও কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ানো বিশ্ববিদ্যালয়ের নৈতিক ও মানবিক দায়িত্ব। তিনি বলেন, কুয়েট পরিবার সবসময় শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সালাহ্ উদ্দীন ইউসুফ বলেন, রেজওয়ানুল ছিলেন একজন মেধাবী, বিনয়ী ও সম্ভাবনাময় শিক্ষার্থী। তাঁর অকাল প্রয়াণে বিভাগ একটি উজ্জ্বল সম্ভাবনাকে হারিয়েছে। তিনি জানান, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে কুয়েট পরিবারের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আর্থিক সহযোগিতায় পাঁচ লাখ টাকার এই তহবিল গঠন করা হয়েছে।
উল্লেখ্য, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সনতলা ইউনিয়নের এনায়েত বয়রা গ্রামের বাসিন্দা রেজওয়ানুল হক গত ১২ জানুয়ারি ২০২৬ রাতে কুয়েটের শহীদ স্মৃতি হলের ডিএস ক্যান্টিনে বন্ধুদের সঙ্গে চা পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মো. হাসান আলী এবং বিভাগের শিক্ষকবৃন্দ। এ সময় উপস্থিত সবাই প্রয়াত রেজওয়ানুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।
