UsharAlo logo
, |

কেডিএকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার

Mohon Chowdhury
জুন ২১, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, খুলনাকে আধুনিক, পরিকল্পিত, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেডিএ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থরক্ষার প্রতিষ্ঠান নয়; এটি খুলনার সর্বস্তরের মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করবে।

শনিবার (২০ জুন) বিকেলে কেডিএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে খুলনা ডায়াবেটিক সমিতির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট মনা বলেন, অতীতে কেডিএতে যে আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি ও সাধারণ মানুষকে হয়রানির সংস্কৃতি গড়ে উঠেছিল, তা কঠোরভাবে দমন করা হবে। এখন থেকে প্রতিষ্ঠানের প্রতিটি কার্যক্রম নিয়ম ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হবে। কোনো ধরনের অনিয়ম বা অবৈধ লেনদেন বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো প্রতিষ্ঠান টেকসই হতে পারে না। জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করেই কেডিএকে একটি কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা হবে।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, কেডিএ শুধু ভবনের নকশা অনুমোদন বা প্লট বরাদ্দের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আবাসন সংকট নিরসন, পরিকল্পিত পার্ক ও বিনোদন কেন্দ্রের আধুনিকায়ন এবং যানজট নিরসনে মাস্টারপ্ল্যান বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে খুলনা সিটি করপোরেশন, ওয়াসা, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

খুলনা ডায়াবেটিক সমিতির কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সাধারণ ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। হাসপাতালের আধুনিকায়ন ও সেবার পরিধি বাড়াতে কেডিএ’র পক্ষ থেকে প্রয়োজনীয় ও আইনসম্মত সহযোগিতা অব্যাহত থাকবে।

খুলনা ডায়াবেটিক সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এস এম ফেরদৌস, ডা. রফিকুল হক বাবলু, অ্যাডভোকেট খোন্দকার আতিয়ার রহমান, ডা. মোস্তফা কামাল, মো. জাহাঙ্গীর আলম, শেখ মঞ্জুর হাসান অপু ও ডা. সালাউদ্দিন আহমেদ শাওন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রবিউল ইসলাম পলাশ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে খুলনা ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীসহ নগরীর বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।