খুলনার সংরক্ষিত সংসদ সদস্য ফাহমিদা হক বলেছেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) গৃহীত আবাসন, বাণিজ্যিক কমপ্লেক্স, কমিউনিটি সেন্টার ও সংযোগ সড়ক প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর চিত্র বদলে যাবে। তিনি বলেন, যানজট নিরসন ও নাগরিক সুবিধা বাড়াতে ওভারপাস ও প্রশস্ত সড়ক নির্মাণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম-দুর্নীতির সুযোগ দেওয়া যাবে না।
মঙ্গলবার সকালে কেডিএর সম্মেলন কক্ষে গৃহীত প্রকল্পসমূহের উপস্থাপনা পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোর্ড সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফাহমিদা হক বলেন, খুলনার উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি জাতীয় সংসদে সোচ্চার ভূমিকা পালন করবেন। খুলনার মানুষের কল্যাণে কেডিএর গৃহীত সব উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
