পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে খুলনার কেডিএ স্কুল অ্যান্ড কলেজে হামদ-নাত, ক্বিরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান ও কেডিএ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সমগ্র মানবজাতির জন্য এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। ৫৭০ খ্রিস্টাব্দে এই দিনে বিশ্বমানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন করেন এবং একই দিনে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেন।
তিনি পবিত্র কোরআনের সূরা আল-আনবিয়ার ১০৭ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, “আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি।” নবী করিম (সা.) শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য শান্তি, সাম্য ও মানবতার বার্তা নিয়ে এসেছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে শফিকুল আলম মনা বলেন, ধর্মীয় অনুষ্ঠান পালনের পাশাপাশি মহানবী (সা.)-এর আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। ইসলামের প্রথম নির্দেশ ‘ইক্বরা’ বা ‘পড়ো’—এ থেকেই জ্ঞানার্জনের গুরুত্ব স্পষ্ট হয়। নবীজী (সা.) জ্ঞান অর্জনকে প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য করেছেন।
তিনি আরও বলেন, “কেডিএ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে আলো ছড়াতে হবে। আজকের এই পবিত্র দিনে আমাদের অঙ্গীকার হোক—আমরা নবীজির আদর্শ অনুসরণ করে সৎ, চরিত্রবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেডিএ সচিব সৈয়দ ফারুক আহম্মদ। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে হামদ-নাত, ক্বিরাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, সাম্য, শান্তি ও সৌহার্দ্যের শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রভাষক মুহাম্মদ রাজগুল ইসলাম।
