UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেসিসির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন

Mohon Chowdhury
আগস্ট ২৬, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে নগর ভবনের নিচতলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে মহান আল্লাহ তায়ালা সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ পাঠিয়েছেন। তিনি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। তাঁর আদর্শ ও জীবনদর্শন অনুসরণ করতে পারলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি, ন্যায়বিচার এবং কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, “সন্তানদের শুধু কোরআন শিক্ষা দিলেই হবে না, তাদেরকে মহানবী (সা.)-এর আদর্শে আদর্শবান মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। পরিবার থেকেই নৈতিক ও ধর্মীয় শিক্ষার ভিত্তি রচিত হয়।”

আলোচনা শেষে তিনি ক্বিরাত, হামদ-নাত এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানবী (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ এবং ইমাম পরিষদ খুলনার সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া।

স্বাগত বক্তব্য দেন খুলনা আলিয়া কামিল মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মুফতি মাওলানা মুশফিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম।

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর জন্ম ও ওফাত দিবস মানবসভ্যতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর আগমনের মাধ্যমে বিশ্বে মানবতা, ন্যায়পরায়ণতা ও শান্তির যে নবজাগরণ সূচিত হয়েছিল, তার প্রভাব আজও সমানভাবে বিদ্যমান। মানবকল্যাণে তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, বাজেট ও অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, কেসিসির সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বনি, মাজেদা খাতুন, রোকেয়া ফারুক, সমাজসেবক অধ্যাপক তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, শেখ আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, নিজামুর রহমান লালু, অ্যাডভোকেট গোলাম মওলা, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনুসহ কেসিসির কর্মকর্তা-কর্মচারী এবং কেসিসি পরিচালিত মক্তবসমূহের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নাসির উদ্দিন কাসেমী।