UsharAlo logo
, |

কেসিসি কমিটির ১০ম সভায় ৯২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ম সভা আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেসিসির প্রশাসক মো. মোখতার আহমেদ। ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫(ক)(২) অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত এই কমিটির দায়িত্ব হলো কেসিসির সার্বিক কার্যক্রমকে তত্ত্বাবধান ও অগ্রসর করা।

সভায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় উন্নয়ন সহায়তা খাতের ‘বিশেষ বরাদ্দ’ উপখাতে ৯২টি উন্নয়ন স্কীমে মোট ২ কোটি ৭৬ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বা পরিচালককে সভাপতি করে ৫ সদস্যের পিআইসি (প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া হাইকোর্টের রিট পিটিশন ৯৪১৭/১৮ এবং সুপ্রিম কোর্টের লিভ টু আপিল ৩৫৯৬/২৩ এর আদেশ অনুযায়ী কেসিসির ১০২ জন মাস্টাররোল কর্মচারীর চাকরি আত্মীকরণ/স্থায়ীকরণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এ সংক্রান্ত একটি পত্র স্থানীয় সরকার বিভাগে প্রেরণের অনুমোদন দেওয়া হয়।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহানসহ কেএমপি, খুলনা ওয়াসা, কেডিএ, জেলা প্রশাসন, এলজিইডি, বন্দর, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, বিআইডব্লিউটিএসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এরপর বিকেল ৪টায় একই স্থানে কেসিসি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। প্রশাসক মোখতার আহমেদ এতে সভাপতিত্ব করেন। ভূমিকম্পসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন কার্যক্রম এবং পরবর্তী ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী সভাটি আয়োজন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় মহানগরীর চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভবনসমূহ অপসারণে দ্রুত কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ঊআ-মোহন চৌধুরী