UsharAlo logo
, |

কেসিসি কর্মকর্তা-কর্মচারীদের ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের অধিকতর সেবাধর্মী ও দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৮ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ রবিবার বিকাল ৩টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, প্রশিক্ষণের বিষয়বস্তুর একটি বড় অংশ আইন ও বিধি-বিধান সম্পর্কিত। সিটি কর্পোরেশনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য এসব আইন ও বিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান তাঁদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে আরও সচেতন ও দক্ষ করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সেবার মান উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে এবং ‘সি ফোর সি (জেআইসিএ)’ প্রকল্পের পরামর্শক্রমে ২০২৫-২০২৬ অর্থবছরের অভ্যন্তরীণ প্রশিক্ষণ পরিকল্পনার অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত তালিকাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯, সিটি কর্পোরেশন চাকুরি বিধিমালা-১৯৯৩, সেবাগ্রহীতাদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের আচরণ, ক্রয় প্রক্রিয়া, পূর্ত কাজ তদারকি ও ব্যবস্থাপনা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সিটি কর্পোরেশনের ভূমিকা, জেন্ডার সম্পৃক্তকরণ, নোট লিখন ও নথি উপস্থাপন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, পরিবেশ সংরক্ষণ, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, আদর্শ কর তফসিল-২০১৬, সরকারি চাকরি আইন-২০১৮, তথ্য অধিকার আইন-২০০৯ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

প্রশিক্ষণে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন কেসিসির সচিব আরিফুল ইসলাম এবং কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ। প্রশাসনিক, রাজস্ব, পূর্ত, কনজারভেন্সি ও স্বাস্থ্য বিভাগের ৬ থেকে ২০ গ্রেডভুক্ত মোট ৪০ জন কর্মকর্তা-কর্মচারী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। আগামী ২০ জানুয়ারি ২০২৬ তারিখ এ প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হবে।

ঊআ-মোহন চৌধুরী