ক্রিসেন্ট জুট মিলে পাটকলের পরিবর্তে ফিড কারখানা চালুর প্রতিবাদে খালিশপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ক্রিসেন্ট জুট মিলের প্রধান ফটকের সামনে সিবিএ-ননসিবিএ ও কারখানা কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
খালিশপুর আঞ্চলিক শ্রমিক দলের আহ্বায়ক আবু দাউদ দীন মোহাম্মদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু। বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আবুল কালাম জিয়া।
বক্তারা অভিযোগ করেন, ক্রিসেন্ট জুট মিল লিজ নেওয়ার পরও মাহাবুব অ্যান্ড কোং পাটকল চালু না করে ফিড কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে, যা শ্রমিক ও এলাকার মানুষের প্রত্যাশার পরিপন্থী। তারা অবিলম্বে ফিড কারখানা স্থাপনের কার্যক্রম বন্ধ করে ক্রিসেন্ট জুট মিলকে পুনরায় পাটকল হিসেবে চালুর দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য দেন শ্রমিক নেতা সৈয়দ হুমায়ুন কবির, সাবেক কাউন্সিলর ফারুক হিলটন, জাহিদুর রহমান, রফিকুল ইসলাম, ইউসুফ শিকদারসহ বিএনপি ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা ক্রিসেন্ট জুট মিলের জেনারেল ম্যানেজারকে প্রত্যাহারের দাবিও জানান।
