পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড (এফএফটিএ) প্রদান করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে ফল-২০২৫ সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি বলেন, শিক্ষা জীবনে ভালো ফল অর্জনের জন্য অধ্যবসায় ও নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার এবং ইংরেজি বিভাগের অ্যাডভাইজর প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান এবং সঞ্চালনা করেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান।
এফএফটিএপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শালীনূর ইসলাম, ইংরেজি বিভাগের সামিউল ইসলাম আলিফ, আইএসএলএম বিভাগের তানহা আক্তার সিথী এবং সিএসই বিভাগের আনিকা রোজ রিমি। তারা বিনা বেতনে পরবর্তী সেমিস্টারে অধ্যয়নের সুযোগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। এ সময় ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সিএসই বিভাগের আব্দুর রব রাজু ও মো. নাভিদ চৌধুরী, ইংরেজি বিভাগের মো. মুজাহিদুল ইসলাম এবং ব্যবসায় প্রশাসন বিভাগের মোসা. ইসরাত জাহান খুশিও উপস্থিত ছিলেন।
ঊআ-মোচৌ
