সুন্দরবনের পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষায় নবায়নযোগ্য জ্বালানিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনের নেতারা। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প জ্বালানিতে বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানিয়ে খালিশপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
খবর বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার বেলা ১১টায় খালিশপুর নিউজপ্রিন্ট গেট সংলগ্ন বিআইডিসি রোডে পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনা ও জেডনেট বিডির যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি অ্যাডভোকেট কুদরত ই খুদা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, আফজাল হোসেন রাজু, এসপিজিআরসির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, খলিলুর রহমান সুমন, একুশে আলোর প্রধান নির্বাহী মাহবুবুল হক, বিএনপি নেতা বারেক হাওলাদার, অ্যাডভোকেট আরিফা খাতুন, দুর্বার সংঘের সভাপতি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক হৃদয় হাশেম আসমতসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। দেশে একদিকে তরল গ্যাসের মজুদ কমে যাচ্ছে, অন্যদিকে এলএনজি আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। ডিজেল, পেট্রোল ও অকটেনসহ আমদানিনির্ভর জ্বালানি পরিবেশের মারাত্মক ক্ষতি করছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াচ্ছে।
বক্তারা আরও বলেন, খুলনায় নিউজপ্রিন্ট মিলের জায়গায় ভৈরব নদীর তীরে স্থাপিত রূপসা পাওয়ার প্লান্ট পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর থেকেই নদী ও শব্দ দূষণ শুরু হয়েছে। জ্বালানি ছাড়া সভ্যতা অচল হলেও পরিবেশবান্ধব বিকল্প জ্বালানির ব্যবহার এখনই শুরু না করলে ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানা মারাত্মক সংকটে পড়বে।
মানববন্ধন থেকে রূপসা বিদ্যুৎকেন্দ্রের অন্তত ২৫ শতাংশ সৌরবিদ্যুতে রূপান্তর এবং রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো ধাপে ধাপে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবি জানানো হয়। বক্তারা বলেন, সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিকল্প জ্বালানিকে অবহেলা করার সুযোগ নেই; এটি এখন সময়ের দাবি।
ঊআ-মোহন চৌধুরী
