UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল, ঐক্যের আহ্বান নজরুল ইসলাম মঞ্জুর

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থেই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন উল্লেখ করে বিএনপি মনোনীত খুলনা-২ আসনের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, তাঁর এই চলে যাওয়া আমাদের নতুন করে অনুপ্রাণিত করবে। শোককে শক্তিতে রূপান্তরিত করে ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ আসর ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিকে স্কুল মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জালাল উদ্দিন।

এদিন বাদ মাগরিব ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এবং বাদ এশা ২৬ নম্বর ওয়ার্ডের নূরানী জামে মসজিদে পৃথক দোয়া মাহফিল ও আলোচনা সভায়ও প্রধান অতিথির বক্তব্য দেন নজরুল ইসলাম মঞ্জু। এসব অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন যথাক্রমে মো. ইউনুচ আলী ও মাওলানা নঈম মোল্লা।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম হয়েছে। এ পথে অসংখ্য নেতা-কর্মী আত্মত্যাগ করেছেন। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় তাঁর অবদান কখনোই অস্বীকার করা যাবে না। ঐক্য ও ভালোবাসার মধ্য দিয়েই গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ উপস্থিত থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

ঊআ-মোহন চৌধুরী