UsharAlo logo
, |

খুন, মব সন্ত্রাস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার বিচারের দাবিতে খুলনায় বিক্ষোভ সমাবেশ

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৫ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

 হাদি, দীপু চন্দ্র দাস, শিশু আয়েশাসহ সকল হত্যা, মব সন্ত্রাস এবং প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে ধ্বংসযজ্ঞের বিচারের দাবিতে খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট খুলনা জেলা কমিটি।

বুধবার বিকাল ৪টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি ও জাতীয় সংসদ নির্বাচন বানচালের চক্রান্ত প্রতিহত করা এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ জাসদ খুলনা মহানগর কমিটির সভাপতি রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ডা. মনোজ দাশ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা সভাপতি এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সদস্য সচিব শেখ আব্দুল হান্নান, বাসদ খুলনা জেলা সদস্য সচিব ও বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটির সমন্বয়ক কোহিনুর আক্তার কনা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের খুলনা জেলা সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, সম্পাদকমণ্ডলীর সদস্য আনিসুর রহমান মিঠু, বাংলাদেশ জাসদ খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. হাসান, সিপিবি খুলনা মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদক ডা. সমরেশ রায়, বাসদ খুলনা জেলা সদস্য আব্দুল করিমসহ বিভিন্ন বাম ও গণতান্ত্রিক দলের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা অভিযোগ করেন, সরকার তাৎক্ষণিকভাবে রেড এলার্ট জারি না করে হত্যাকারীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় সরকারের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে উগ্রবাদী গোষ্ঠী প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

বক্তারা আরও বলেন, ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পরে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে, আর পুলিশ পুরো সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। লক্ষ্মীপুরে শিশু আয়েশাকে ঘরে আগুন দিয়ে হত্যা করা হয়েছে। খুলনাসহ সারাদেশে প্রায় প্রতিদিনই হত্যা, হামলা ও সহিংসতার ঘটনা ঘটছে। এই অরাজক পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শুরু থেকেই সরকার আইন নিজের হাতে তুলে নেওয়া ও মব সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে আসছে। ফলে জনগণ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের মতো নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা এসব ঘটনার পেছনে সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর সম্পৃক্ততার সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, সরকারি মদদ ছাড়া এ ধরনের খুন, সন্ত্রাস ও হামলা করে পার পাওয়া সম্ভব নয়। তারা অবিলম্বে গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টিকারী ও নির্বাচন বানচালের সকল চক্রান্ত প্রতিহত করার দাবি জানান।

একই সঙ্গে ওসমান হাদি, দীপু চন্দ্র দাস, শিশু আয়েশাসহ সকল রাজনৈতিক হত্যার বিচার, খুন ও মব সন্ত্রাসের সঙ্গে জড়িতদের শাস্তি, সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের ওপর হামলার বিচার এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আগ্রাসন বন্ধের জোর দাবি জানান বক্তারা।

ঊআ-মোহন চৌধুরী