UsharAlo logo
, |

খুবিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।

পরে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম সর্বপ্রথম মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ছাত্র বিষয়ক পরিচালক ও প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল, বিভিন্ন অনুষদ, ডিসিপ্লিন, প্রভোস্ট কাউন্সিল, বিভিন্ন দপ্তর, অফিসার্স কল্যাণ পরিষদ এবং শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মীদের পাশাপাশি বিএনসিসি আর্মি, নেভাল ও এয়ার উইংয়ের সদস্যরা শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।

দিবসটি উপলক্ষ্যে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া রাতে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

মহান বিজয় দিবসকে ঘিরে পুরো ক্যাম্পাস উৎসবের আমেজে সাজানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, সড়ক, বিভিন্ন ভবন, আবাসিক হল ও অন্যান্য স্থাপনা দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়, যা দিবসটির আনন্দ ও গৌরবকে আরও বর্ণিল করে তোলে।

ঊআ-মোহন চৌধুরী