খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের শিক্ষার্থীদের ক্লাব ‘ক্লাস্টার’-এর উদ্যোগে আয়োজিত ‘স্পার্ক ট্যাংক ২.০’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ২৬ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।
তিনি বলেন, ‘স্পার্ক ট্যাংক ২.০’-এর মতো প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীল ও বাস্তবমুখী উদ্ভাবনী চিন্তা তুলে ধরার সুযোগ তৈরি করে। এসব ধারণাকে গবেষণার মাধ্যমে বাস্তবসম্মত উদ্ভাবনে রূপ দিতে হবে। তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের নতুন ধারণা উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে।
তিনি আরও বলেন, গবেষণা ও ধারণা উপস্থাপনভিত্তিক আয়োজন ভবিষ্যতের বিজ্ঞানী ও উদ্ভাবক খুঁজে পেতে সহায়তা করে। পাশাপাশি উদ্ভাবনী প্রকল্পের জন্য ভবিষ্যতে অর্থায়নের সুযোগও তৈরি হতে পারে। এ সময় তিনি বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরেন এবং নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সাফল্য কামনা করেন।
সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. এস এম রফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম এবং ইউনিভার্সিটি ইনোভেশন হাবের পরিচালক প্রফেসর ড. জিএম আতিকুর রহমান।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ক্লাস্টার ক্লাবের সভাপতি নাহিদ হাসান, ২২ ব্যাচের রাধিকা চৌধুরী, ২৫ ব্যাচের তৌফিক এলাহি এবং ২৬ ব্যাচের মো. এনামুল হক।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা আইডিয়া প্রেজেন্টেশন ও প্রজেক্ট শোকেসিংয়ের মাধ্যমে নিজেদের উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তিনির্ভর প্রকল্প উপস্থাপন করেন। বিচারকদের মূল্যায়নে নির্বাচিত সেরা দলগুলোর সদস্যদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। পরে ২৬ ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, প্রতিযোগী দলগুলোর সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঊআ- মোচৌ
