UsharAlo logo
, |

খুবির অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Mohon Chowdhury
মে ১৬, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ের “অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত)” প্রকল্পের অগ্রগতি ও সমস্যা সমাধান নিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ও পিআইসি সভাপতি প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

সভায় প্রকল্পের বিভিন্ন উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা, বাস্তবায়নে উদ্ভূত সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। শুরুতে প্রকল্প পরিচালক ড. মোঃ হাসানুজ্জামান প্রকল্পের উদ্দেশ্য, অগ্রগতি ও চলমান কাজের চিত্র উপস্থাপন করেন।

সভায় উপাচার্য বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কিছু সময়ের জন্য নির্মাণকাজ স্থবির হয়ে পড়লেও বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর কাজ যাতে বন্ধ না হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, ১০ তলা একাডেমিক ভবন ও জিমনেশিয়ামের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং টিএসসি ভবনের কাজেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নে সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় পিআইসি সদস্যরা চলমান উন্নয়ন কর্মকাণ্ডের দৃশ্যমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সময়মতো প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এর আগে সদস্যরা প্রকল্পের আওতাধীন বিভিন্ন অবকাঠামো উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেন।

ঊআ-মোচৌ