খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচিত নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। একই অনুষ্ঠানে বিদায়ী অ্যাডহক কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির সভাপতি রবিউল হাসান, সাধারণ সম্পাদক মো. রেজানুল ইসলাম কল্লোলসহ নির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা একটি নতুন পরিচয়ের সূচনা করেছে। এ সংগঠন ভবিষ্যতে ডিসিপ্লিনের উন্নয়ন এবং বর্তমান শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. রাশেদুর রহমান। এছাড়া বক্তব্য দেন প্রফেসর ড. মো. তরিকুল ইসলাম ও নবনির্বাচিত কমিটির সভাপতি রবিউল হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদায়ী অ্যাডহক কমিটির সদস্য-সচিব জিনিয়া সুলতানা। পরে তিনি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দাপ্তরিক ফাইল হস্তান্তর করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাফিয়া ওয়াহিদ নির্ঝর ও রাকিবুল হোসেন।
এর আগে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ঊআ-মোচৌ
