খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার্থীরা http://apply.ku.ac.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ প্রোফাইলে লগইন করে ফলাফল জানতে পারবেন। মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) থেকে ৩ জানুয়ারি ২০২৬ (শনিবার) পর্যন্ত অনলাইনে ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থী ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।
ডিসিপ্লিনভিত্তিক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আগামী ৮ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার)। এরপর আগামী ১২ ও ১৩ জানুয়ারি ২০২৬ (সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত) মেধা তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
এদিকে ফল প্রকাশ উপলক্ষে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চারটি ইউনিটের ইউনিট প্রধানগণ নিজ নিজ ইউনিটের ফলাফল উপস্থাপন করেন। চূড়ান্ত পর্যবেক্ষণ ও অনুমোদন শেষে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং ভর্তি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) ‘সি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল) এবং ‘ডি’ ইউনিট (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ও ১৯ ডিসেম্বর (শুক্রবার) ‘এ’ ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) এবং ‘বি’ ইউনিট (জীববিজ্ঞান স্কুল)-এর ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
ঊআ-মোহন চৌধুরী
