খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (১৭ জানুয়ারি) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘এ-১’ এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘এ-২’ ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হয়। ‘এ-১’ ইউনিটে মোট ৫ হাজার ৫৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল প্রায় ৯৫ শতাংশ। অপরদিকে ‘এ-২’ ইউনিটে মোট ৫ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল প্রায় ৯৪ শতাংশ।
পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন হলরুম ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন। এ সময় তাঁরা সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাতসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া কন্ট্রোল রুম ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সার্বিক দায়িত্ব পালন করেন।
ঊআ-রহমাতুল্লাহ
