প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, প্রযুক্তিবিহীন বিশ্ব এখন কল্পনাও করা যায় না। তাই দেশে প্রযুক্তি বিষয়ে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে ডিপ্লোমা শিক্ষার আরও সম্প্রসারণ প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকদিন আগে খুলনা ও মোংলা সফর করেছেন। এ সময় তিনি বন্ধ শিল্প-কারখানা চালু করাসহ খুলনা ও মোংলায় নতুন শিল্প-কারখানা গড়ে তোলার কথা বলেছেন। এর মাধ্যমে খুলনা আবারও শিল্পসমৃদ্ধ অঞ্চলে পরিণত হবে এবং তরুণদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নগরীর শিববাড়ী মোড়ে গণপ্রকৌশল দিবস-২০২৬ এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আইডিইবি খুলনা জেলা শাখা এ র্যালির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। পরে তাঁর নেতৃত্বে র্যালিটি শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়।
এ সময় তিনি আইডিইবির গৌরবোজ্জ্বল ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। র্যালিতে ডিপ্লোমা প্রকৌশলী, খুলনার সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এদিকে, আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উপলক্ষেও খুলনায় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর সোনাডাঙ্গায় ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আইসিএমএবি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে খুলনায় এ র্যালির আয়োজন করে। আধুনিক হিসাববিজ্ঞানের জনক লুকা প্যাসিওলির প্রতি সম্মান প্রদর্শন এবং হিসাববিজ্ঞান শিক্ষার গুরুত্ব, ব্যাপ্তি ও প্রসার তুলে ধরতে প্রতিবছর ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন করা হয়।
এ উপলক্ষে প্রশাসক বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন। র্যালিটি আইসিএমএবির নিজস্ব কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। এতে ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
ঊআ-মোচৌ
