‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উপলক্ষে নারী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে। মঙ্গলবার সকালে খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে নারীর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’। বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি নারীদের ক্ষমতায়ন বাড়াতে হবে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে নারীরা নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারবেন। সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নারীর প্রতি সত্যিকার সম্মান প্রদর্শনের মানসিকতা গড়ে তুলতে হবে।
উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, নারী নেত্রী অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলুসহ বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা। বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হবে। আয়োজকরা আশা করছেন, এই কর্মসূচি নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় নতুন দৃষ্টান্ত সৃষ্টি করবে।
ঊআ-মোহন চৌধুরী
