UsharAlo logo
, |

খুলনায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বিষয়ক বিভাগীয় সমন্বয় সভা গতকাল বুধবার খুলনা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এনসিডিসি), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং রিজলভ টু সেইভ লাইভস এর সম্মিলিত সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মুজিবুর রহমান।

সভায় বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার (অব.) ডা. মাহবুবুর রহমান ভ’ঁইয়া, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের এডিশনাল ডাইরেক্টর ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া, সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. অপর্ণা বিশ্বাস, চিফ এসিস্ট্যান্ট (এমআইএস) মো. জোবায়ের হোসেন এবং খুলনা, বাগেরহাট, চুয়াডাঙা, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও কুষ্টিয়ার সিভিল সার্জনগণ। সার্বিক তথ্য উপস্থাপন করেন প্রোগ্রামের বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. শৌভিক রায়, সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান এবং বাগেরহাটের এমওসিএস ডা. মো. রিয়াদ্দুজ্জামান।

সভায় বক্তারা জানান, অসংক্রামক রোগের মধ্যে উচ্চ রক্তচাপ অন্যতম ঝুঁকিপূর্ণ রোগ, যা হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ এবং অকাল মৃত্যুর কারণ হতে পারে। এ রোগ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, বিএইচসিআই প্রকল্পের আওতায় দেশের ৪৪ জেলার ৩১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৫ লাখ ২২ হাজারেরও বেশি রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছেন, যার মধ্যে গড়ে ৫৬ শতাংশ রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে এসেছে। খুলনা বিভাগের ৫ জেলার ১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের চিকিৎসা নিয়েছেন ১৮ হাজারেরও বেশি রোগী, যাদের প্রায় ৫০ শতাংশের রক্তচাপ বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

সভা শেষে বিএইচসিআইয়ের ভবিষ্যৎ কার্যক্রম আরও ত্বরান্বিত করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

ঊআ-মোহন চৌধুরী