UsharAlo logo
, |

খুলনায় কুরআন পাঠ আন্দোলনের শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

Mohon Chowdhury
মে ২১, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

কুরআন পাঠ আন্দোলনের আহ্বায়ক আবু সাঈদ খান সম্প্রতি খুলনা সফরকালে নগরীর দুটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা সেমিনারে বক্তব্য প্রদান করেছেন।

১৯ মে মঙ্গলবার খুলনা জিলা স্কুল এবং ২০ মে বুধবার মিশন রোডস্থ সেন্ট জোসেফ্‌স উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে “পাঠ পদ্ধতি বিষয়ক কুরআনী কৌশল” শীর্ষক পৃথক দুটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে আবু সাঈদ খান “জিজ্ঞাসা ও অনুসন্ধানমূলক পাঠপদ্ধতি” বিষয়ে কুরআনের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে বলেন, কার্যকর শিক্ষা অর্জনের জন্য প্রশ্ন তৈরি, অনুসন্ধান এবং বিশ্লেষণের মাধ্যমে উত্তর খোঁজার অভ্যাস গড়ে তোলা জরুরি। তিনি উল্লেখ করেন, পবিত্র কুরআনের বহু আয়াতে মানুষকে চিন্তা, পর্যবেক্ষণ, প্রশ্ন ও উপলব্ধির আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কেবল পরীক্ষামুখী না হয়ে আজীবন শিক্ষার্থী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সেশন শেষে শিক্ষার্থীরা তাদের পাঠাভ্যাস ও শিক্ষা পদ্ধতি নিয়ে মতামত প্রকাশ করে এবং আজীবন শেখার অঙ্গীকার ব্যক্ত করে।

এদিকে সেন্ট জোসেফ্‌স উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সেশনের পর শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে “মাস্টারি টিচিং টেকনিক” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফ্রেড রনজিত মন্ডলের আগ্রহে এ বিশেষ পর্বের আয়োজন করা হয়।

সফরকালে ২০ মে বুধবার নবনির্বাচিত খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা সরোয়ারসহ কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে কুরআন পাঠ উদ্বুদ্ধকরণমূলক মতবিনিময় সভায় অংশ নেন আবু সাঈদ খান। সভায় সমাজে উগ্রবাদ মোকাবিলায় সাংবাদিকদের কুরআনের জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মাতৃভাষায় কুরআন পাঠচর্চার গুরুত্বের বিষয়ে উপস্থিত সবাই ঐকমত্য পোষণ করেন।

ঊআ-মোচৌ