বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম)-এর খুলনা মহানগরের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল কাফি ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগদান করেছেন।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মুফতি ইমরান হোসাইন, সহ-সভাপতি মাওলানা মোজাফফর হুসাইন, শেখ মো. নাসির উদ্দীন এবং সেক্রেটারি মাওলানা দীন ইসলামের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তিনি দলের প্রতি আনুগত্য প্রকাশ করেন।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ মাওলানা আব্দুল্লাহ আল কাফিকে স্বাগত জানান এবং তাকে অভিনন্দন জানান। তারা বলেন, ইসলামের আদর্শ, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মাওলানা আব্দুল্লাহ আল কাফির যোগদানের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের প্রচেষ্টা আরও শক্তিশালী হবে।
