বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, মানুষের তৈরি আইন দিয়ে দেশে ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠা সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, গত ৫৪ বছর রাষ্ট্র পরিচালনায় নানা মতবাদ প্রয়োগের পরও বৈষম্য দূর হয়নি, বরং বিচারহীনতা ও দুর্নীতির সংস্কৃতি বিস্তৃত হয়েছে।
রোববার খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন ১২ নম্বর ওয়ার্ড এলাকাসহ উর্দুভাষী ক্যাম্পে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, খালিশপুর থানা জামায়াতের আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি আব্দুল আওয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, যারা ক্ষমতায় এসেছে তারা নিজেদের স্বার্থে আইন প্রণয়ন করে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট ও দখলদারিত্বের পথ প্রশস্ত করেছে। জনগণের মৌলিক অধিকার হরণ করে রাষ্ট্রকে অকার্যকর করে তোলা হয়েছে। মানুষের তৈরি মতবাদকে আদর্শ হিসেবে গ্রহণ করলে ঈমান পূর্ণতা পায় না উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে ইসলামী বিধানই শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়।
খুলনা-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এলে দেশ দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত হবে এবং কর্মসংস্থানের সংকটও দূর হবে। তিনি জনগণকে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান ও স্থানীয় ভোটারদের উষ্ণ সমর্থন লক্ষ্য করা যায়। ভোটাররা হ্যান্ডশেক ও কোলাকুলির মাধ্যমে সমর্থন জানান বলে আয়োজকরা জানিয়েছেন।
ঊআ-মোহন চৌধুরী
