UsharAlo logo
, |

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Mohon Chowdhury
অক্টোবর ২২, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় নগরীর শহীদ হাদিস পার্ক থেকে র‌্যালিটি শুরু হয়ে সিটি করপোরেশনের সামনের সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিসচার খুলনা মহানগর শাখার সভাপতি মাহবুবুর রহমান মুন্না।

সমাবেশে মাহবুবুর রহমান মুন্না বলেন, চালকদের দক্ষতা ও যোগ্যতা নিশ্চিত করা, পেশাদার চালকদের প্রশিক্ষণ, দক্ষ চালক তৈরি, পরিকল্পিত ব্যবস্থা, বিদ্যমান আইন ও বিধির যথাযথ প্রয়োগ এবং সড়ক ব্যবহারকারীদের সচেতন আচরণের মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য সড়ক নিরাপত্তাকে বিচ্ছিন্ন কোনো কর্মসূচি হিসেবে না দেখে নিয়মিত ও সমন্বিত জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে।

তিনি আরও বলেন, নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন শুধু চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র নন, তিনি একজন সচেতন নাগরিক, সমাজকর্মী ও সবার প্রেরণা। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নিসচার খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন তালুকদার সোহাগ, সহ-সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন ও মো. আবু মুছা, অর্থ সম্পাদক নাজমুল হোসেন, দুর্ঘটনা অনুসন্ধানবিষয়ক সম্পাদক মনিরুজ্জামান সোহাগ, দপ্তর সম্পাদক নাফিস ইকবাল, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শেখ মাহামুদ হাসান সোহেল, সৈয়দা সাদিয়া নার্গিস, মো. রবিউল ইসলাম তনু, শেখ সোহাগ, জিহাদ আমীন, মোশারফ হোসেন, সদস্য মফিজুল ইসলাম রুবেল, ভীষ্ম দেব মণ্ডল, মো. নাওয়াফ ইসলাম নাঈম, মো. শাহ নেওয়াজ, অহিদুল ইসলাম সিদ্দিকী এবং নিসচার খুলনা জেলা শাখার কার্যনির্বাহী সদস্য মো. রকিব উদ্দিন ফারাজী ও মো. মিজানুর রহমান চৌধুরীসহ অন্যরা।

ঊআ- মোচৌ