খুলনা মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় খুলনা সিটি করপোরেশন পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে একটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মহানগরীর কোনো শিশুই যেন এ কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, রোগতত্ত্ব বিভাগের সহকারী পরিচালক অর্পণা বিশ্বাস, সিভিল সার্জন ডা. মাহফুজা খানম, কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা।
জানা যায়, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডে ৬৩০টি কেন্দ্রে এবং ৮০টি মোবাইল টিমের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচিতে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৩৩৭ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯৬ হাজার ৬৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে ৬২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১ হাজার ৪২০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
