বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, পরিবেশের সুরক্ষায় সামাজিক বনায়ন ও পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগরায়ন নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে খুলনা আলিয়া মাদরাসা প্রাঙ্গনে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং নগরবাসীকে নিরাপদ ও নির্মল পরিবেশ উপহার দিতে জামায়াতে ইসলামী প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও ১০ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি একটি গাছ কাটার আগে অন্তত পাঁচটি গাছ রোপণের আহ্বান জানিয়ে বলেন, প্রকৃতির প্রতিশোধ ভয়াবহ। নির্বিচারে গাছ কেটে নতুন গাছ রোপণ না করলে পরিবেশ বিপর্যয় আরও তীব্র হবে।
মহানগরী সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা আব্দুর রহিম ও খুলনা জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক আমানত আলী হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা সদর থানা জামায়াতের আমীর এস এম হাফিজুর রহমান, সেক্রেটারি আব্দুস সালাম, সহকারী সেক্রেটারি হুমায়ুন কবীর, ৩০ নম্বর ওয়ার্ড আমীর আব্দুল ওয়াহেদ, ২৮ নম্বর ওয়ার্ড আমীর সিরাজ বিন ইয়াকুব, ২২ নম্বর ওয়ার্ড সভাপতি আরাফাত হোসেন, ২৪ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ডালিম, আলিমুল হক মিরাজ, মাওলানা লিয়াকত হোসাইন, সাব্বির তরফদার, মো. নূরুন নবী, ইমাদুল ইসলাম, মনির হোসেন, এস. এম. রমজান, আখতারুজ্জামান, ইউসুফ আলী, মোস্তাফিজুর রহমান রুবেল, আফজাল হোসেন, শহীদুল ইসলাম, মো. জামিরুল, শাহজাহানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের উদ্বোধন শেষে খুলনা আলিয়া মাদরাসা প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে উপস্থিত জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
