UsharAlo logo
, |

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মশার লার্ভা নিধন অভিযান শুরু

Mohon Chowdhury
সেপ্টেম্বর ১, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মহানগরীতে ডেঙ্গু জ্বরের সংক্রমণ প্রতিরোধে মশার লার্ভা নিধন অভিযান শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নগরীর টুটপাড়া কবরস্থান মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় কেসিসি সর্বশক্তি নিয়োগ করে কাজ করছে। তিনি বলেন, ওষুধ স্প্রে করে মশা নিয়ন্ত্রণ করা গেলেও সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। তাই এডিস মশার বংশবিস্তার রোধে বাসাবাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গুর বিরুদ্ধে এই লড়াইয়ে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে বেশি প্রয়োজন। কেবল সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, বরং প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কেসিসি সূত্রে জানা গেছে, লার্ভা নিধন অভিযান সফল করতে বিদ্যমান জনবলের পাশাপাশি নগরীর ৩১টি ওয়ার্ডে অতিরিক্ত পাঁচজন করে স্প্রেম্যান নিয়োগ দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিটি ওয়ার্ডের ড্রেন, জলাবদ্ধ স্থান এবং বাড়ির অভ্যন্তরীণ ড্রেনসমূহে মশার লার্ভা ধ্বংসে ওষুধ প্রয়োগ করবেন। মঙ্গলবার থেকে নগরীর সব ওয়ার্ডে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে এবং পুরো মাসজুড়ে তা অব্যাহত থাকবে।

প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আশা প্রকাশ করেন, এ উদ্যোগ ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। তিনি নগরবাসীর প্রতি পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র, ডাবের খোসাসহ পানি জমতে পারে এমন সব বস্তু অপসারণ এবং বাড়ির আঙিনা নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠপর্যায়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো. রেজা রশিদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, সাবেক কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বনি, সমাজসেবক ইউসুফ হারুন মজনু, মো. ইসহাক তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কেসিসির সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।