UsharAlo logo
, |

খুলনায় তামাক নিয়ন্ত্রণ জোরদারে জেলা প্রশাসকের অঙ্গীকার

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

আপনারা নিশ্চিন্তে আমাকে ভালো কাজে ব্যবহার করুন বলেন জেলা প্রশাসক

খুলনার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকারে খুলনা জেলায় তামাক নিয়ন্ত্রণের বর্তমান প্রেক্ষাপট, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বিশদ আলোচনা হয়।

সাক্ষাতে জেলা প্রশাসক বলেন, “খুলনা জেলার সকলের নিকট আমার একটাই অনুরোধ—আপনারা নিশ্চিন্তে আমাকে ব্যবহার করুন। ভালো কাজে আমাকে সবসময় পাশে পাবেন; যেখানে অনিয়ম বা অপরাধ হচ্ছে, আমাকে অবিলম্বে জানাবেন, আমি অবশ্যই ব্যবস্থা নেব।”

তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, স্কুল-কলেজ শিক্ষার্থীদের মাঝে ধূমপানসহ তামাক ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, যা দুর্ভাগ্যজনক। এসব নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের কার্যক্রম বৃদ্ধি, মনিটরিং জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

জেলা প্রশাসক আরও বলেন,
“অভিভাবকদেরও বিশেষ দায়িত্ব রয়েছে—সন্তানের সঙ্গে কারা মিশছে, তারা ধূমপান করছে কিনা সেদিকে সতর্ক থাকতে হবে। কারণ, ধূমপানই প্রায়শই অন্যান্য মাদকের প্রবেশ পথ হিসেবে কাজ করে।”

প্রতিনিধি দলের সদস্যরা জানান, খুলনা জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গঠিত জেলা টাস্কফোর্স কমিটি ২০১৫, ২০২৩ ও ২০২৪ সালে জাতীয়ভাবে তিনবার শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছে। জেলা প্রশাসকের সহযোগিতা তামাকবিরোধী কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে তারা আশা প্রকাশ করেন।

শেষে জেলা প্রশাসক তাঁর অঙ্গীকারের পুনরাবৃত্তি করে বলেন, “আমি পুনরায় বলছি, যেখানে আইন ভঙ্গ বা অনিয়ম হচ্ছে—আমাকে জানাবেন, আমি দ্রুত ব্যবস্থা নেব।”

সাক্ষাতে উপস্থিত ছিলেন:
অ্যাডভোকেট মাসুম বিল্লাহ (নির্বাহী পরিচালক, সিয়াম),
মুস্তাফিজুর রহমান শাকিল (প্রজেক্ট ম্যানেজার),
কাজী মোহাম্মদ হাসিবুল হক (পলিসি লিড),
মোঃ ইমরান মিয়া ও রাকিব হাসান (ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট) এবং অন্যান্যরা।

প্রতিনিধি দল মনে করে, এই সাক্ষাৎ ও জেলা প্রশাসনের ইতিবাচক মনোভাব খুলনায় তামাক নিয়ন্ত্রণে নতুন দৃষ্টিভঙ্গি ও কার্যকর সহযোগিতার পথ সুগম করবে।

ঊআ-মোহন চৌধুরী