UsharAlo logo
, |

খুলনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

Mohon Chowdhury
মে ১৯, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার সকালে কালেক্টরেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও ভূমিভবন থেকে সারাদেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন। খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে অনুষ্ঠানটি বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করে।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ৩৮ জনের মাঝে ভূমি অধিগ্রহণের প্রায় তিন কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।

এর আগে মেলা উপলক্ষে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

তিন দিনব্যাপী এ মেলায় তাৎক্ষণিকভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে সহায়তা প্রদান করা হবে। এছাড়া ই-নামজারির আবেদন দাখিল ও প্রক্রিয়া সম্পন্নে সহায়তা, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি সরবরাহ, মৌজাম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ এবং ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ বিষয়ে অবহিত করা হবে।

মেলায় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক সরাসরি বিতরণ, গণশুনানির মাধ্যমে ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তি এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সেবাগ্রহীতাদের পরামর্শ প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ঊআ-মোচৌ