জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্যকে দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নজরুল বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী স্মারক, ডাকটিকিট ও কর্মসূচির লোগো উন্মোচন করেন। পরে তিনি বক্তব্য শেষে ২০২৬ সালের মে মাস থেকে ২০২৭ সালের মে মাস পর্যন্ত দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এ উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক হুরে জান্নাতের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, জেলা পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা কালচারাল কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
