UsharAlo logo
, |

খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু কাল

Mohon Chowdhury
নভেম্বর ৯, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

 

 

খুলনায় আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা। নগরীর বয়রায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। সকাল ১০টায় মেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে।

বইমেলা উপলক্ষে সোমবার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

তিনি বলেন, জ্ঞানমনস্ক ও আলোকিত জাতি গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণই এ বইমেলার মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে সরকার দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে সৃজনশীল বইমেলার আয়োজন করছে। বই পড়ার মাধ্যমে মানুষ আনন্দ লাভের পাশাপাশি নানা বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে।

প্রেস কনফারেন্সে জানানো হয়, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। সরকারি ছুটির দিনে মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ এবং শিশু-কিশোরদের জন্য আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা।

মেলার অংশ হিসেবে ‘সংস্কৃতি ও নৈতিকতা’, ‘মানবতাবাদ ও বিশ্বশান্তি’ এবং ‘বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র’ বিষয়ে তিন দিনে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়া মেলা থেকে বই কেনা পাঠকদের মধ্যে প্রতিদিন কুপনের মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করা হবে।

এবারের মেলায় মোট ৯০টি স্টল থাকছে। এর মধ্যে ঢাকা থেকে আগত প্রকাশনীগুলোর জন্য ৭১টি এবং বিভাগীয় ও জেলা কার্যালয়ের জন্য নয়টি স্টল বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি পুলিশ কন্ট্রোলরুম, তথ্যকেন্দ্র, নার্সারি, পাঠক আড্ডা ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি করে এবং খাবারের জন্য পাঁচটি স্টল থাকবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং সৃজনশীল প্রকাশকদের সহযোগিতায় এ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।

প্রেস কনফারেন্সে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমসহ খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঊআ-মোচৌ