জাতীয় নির্বাচনের দিন গণভোট গ্রহণ করা হলে ভোটাররা বিভ্রান্তির মধ্যে পড়বেন উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, “পরিবর্তীত পরিস্থিতিতে সংশোধনের বিষয়টি আগে গণভোটে আসা জরুরি। ৫ দফা দাবি বাস্তবায়নে ইসলামী দলগুলোর আন্দোলন অব্যাহত থাকবে এবং বিভাগীয় শহরগুলোতে সমাবেশের আয়োজন করা হবে।”
তিনি আরও অভিযোগ করেন, প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্যমূলকভাবে ‘মিসগাইড’ করা হচ্ছে। রাজনৈতিক সংকট নিরসনে অন্তবর্তীকালীন সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বর্তমানে প্রশাসন একটি দলের নির্দেশনা পালন করায় নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি।
শনিবার সকাল ১০টায় খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নারী ভোটার সমাবেশে এসব কথা বলেন সাবেক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মাওলানা সরোয়ার হোসেন এবং পরিচালনা করেন মো. শাহাদাত হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
একইদিন সন্ধ্যায় ফুলতলা সদর ইউনিয়নের ঢাকুরিয়া সরকারি স্কুল মাঠেও আরেকটি ভোটার সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন,
“আগামী নির্বাচনে সরকার গঠনে তরুণরাই হবে মূল শক্তি। প্রায় ১৩ কোটি ভোটারের মধ্যে সাড়ে ৪ কোটি তরুণ ভোটার, তাদের চাহিদা বুঝতে না পারলে রাজনীতি টিকবে না।”

তিনি আরও বলেন, জামায়াত ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণকর রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর যেখানে সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার সংরক্ষিত হবে।
বিরোধীদের অপপ্রচারের জবাবে তিনি বলেন, “জামায়াত কখনো জান্নাতের টিকেট বিক্রি করেনা। আমরা কুরআনের আলোকে সঠিক পথের দাওয়াত দিই। বিরোধীদের এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকা উচিত।”
তিনি অভিযোগ করেন, বিএনপি এখন আওয়ামী লীগের ভাষায় জামায়াতকে আক্রমণ করছে এবং মাহফিল ও তালিম প্রোগ্রামে বাঁধা দিচ্ছে, যা মূলত ইসলামকে বাধাগ্রস্ত করার সামিল।
এছাড়া দামোদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন ও গণসংযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। একইদিন রাতে ডুমুরিয়ার সাজিয়াড়া শামসুল উলুম মাদরাসার ১০৫তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
ঊআ-মোহন চৌধুরী
