UsharAlo logo
, |

খুলনায় নিত্যপণ্যের বাজারদর যাচাই করলেন কেসিসি প্রশাসক

ঊষার আলো ডেস্ক
মার্চ ৮, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

 সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রোববার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজারদর যাচাই করেছেন। এ সময় কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি নগরীর নিউমার্কেট কাঁচাবাজার ও বয়রা বাজার ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা প্রদর্শনের বিষয়টি তদারকি করেন।

তিনি বলেন, অধিকাংশ ব্যবসায়ী পণ্যের মূল্যতালিকা প্রদর্শন করলেও কিছু ব্যবসায়ী এ নির্দেশনা মানছেন না। আবার অনেক ব্যবসায়ী তাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকছেন, যা সন্দেহজনক ইঙ্গিত বহন করে। এ বিষয়ে তিনি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।

কেসিসি প্রশাসক আরও বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, মাহে রমজানের শেষ দিকে এসে মানুষ যাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ন্যায্যমূল্যে ক্রয় করতে পারে, সে লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদেরও ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্য ও সহনীয়তা বজায় রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শুধু রমজান মাসেই নয়, সারা বছর নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এবং খাদ্যপণ্যের মান ঠিক থাকে—সেদিকে সংশ্লিষ্ট সকলকে নজর রাখতে হবে। ভোক্তারা যাতে সঠিক মূল্যে পণ্য ক্রয় করতে পারেন, সে বিষয়ে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সজাগ দৃষ্টি রাখবেন বলে আশ্বস্ত করেছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন এবং সহকারী বাজার সুপার লিয়াকত হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

ঊআ-মোচৌ