UsharAlo logo
, |

খুলনায় নৌযান শুমারি উপলক্ষে শোভাযাত্রা

Mohon Chowdhury
আগস্ট ১৯, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শোভাযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম।

জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজিত শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিসংখ্যান কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে ‘নৌযান শুমারি-২০২৬’ পরিচালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’।

শুমারির মাধ্যমে দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী নৌযানের একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে। সংশ্লিষ্টরা জানান, এ তথ্যভাণ্ডার নৌযানের নিরাপত্তা বৃদ্ধি, দুর্ঘটনা হ্রাস, নৌপরিবহন খাতের উন্নয়ন এবং নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।