UsharAlo logo
, |

খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

Mohon Chowdhury
জুলাই ৯, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে, যার মধ্যে চলতি বছরই পাঁচ কোটি চারা রোপণ করা হবে। তিনি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিকে জনসম্পৃক্ততার মাধ্যমে সফল করতে হবে। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রত্যেককে অন্তত দুটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এবং খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. কাজী আবু রাশেদ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক খোন্দকার মো. ফজলুল হক।

বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হলেও বিশেষ কারণে বাংলাদেশে চলতি বছর দিবসটি ৯ জুলাই উদযাপন করা হয়।