UsharAlo logo
, |

খুলনায় মানিক মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

 হোসেন মানিক মিয়া পাঠাগার ও সমাজকল্যাণ ফাউন্ডেশন, খুলনার উদ্যোগে মানবকল্যাণ কর্মসূচির আওতায় খুলনা অঞ্চলে চলমান শীত দুর্যোগে শীতার্ত অসহায় ও ছিন্নমূল দুস্থ মানুষের মাঝে নতুন শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে খুলনা রেলওয়ে হাসপাতাল রোডস্থ মানিক মিয়া শপিং কমপ্লেক্স চত্বরে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হায়দার আলী হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক মো. এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় মহাসচিব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন মঞ্জু এবং দৈনিক সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলাম।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আশরাফ আলী হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন কাজী আব্দুল হাই, দীনেশ চন্দ্র হালদার, ইমরান হোসেন পিটু, আবুল কালাম সিকদার, খান জাহিদ হোসেন, ডালিম চৌকদার, মো. হাসানুজ্জামান হাসানসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ছিন্নমূল, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। তিনি বলেন, পবিত্র ইসলাম ধর্মসহ অন্যান্য সকল ধর্মেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা রয়েছে। ধর্মীয় রীতি-নীতি ও মানবিক মূল্যবোধ অনুসরণ করলেই সমাজ থেকে অনেক সমস্যা ও অসংগতি স্থায়ীভাবে দূর করা সম্ভব।

অনুষ্ঠান শেষে দুই শতাধিক নতুন কম্বল শীতার্ত নারী-পুরুষের মাঝে বিতরণ করা হয়।

ঊআ-মোহন চৌধুরী