‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন, এসএফ লেখার কৌশল এবং করণীয়’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ বৃহস্পতিবার খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে সচিব বলেন, আইন হলো বিধিবদ্ধ নিয়ম যা লিখিত বা অলিখিত প্রথার মাধ্যমে গঠিত। সংবিধান দ্বারা পরিচালিত রাষ্ট্র ব্যবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আইন জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি মামলার সুষ্ঠু পরিচালনা, বাদী-বিবাদীর ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল বিধিমালাসহ সংশ্লিষ্ট আইন সম্পর্কে জ্ঞান অর্জন প্রত্যেকের জন্য আবশ্যক বলে তিনি উল্লেখ করেন।
প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, যুগ্মসচিব মাহফুজা আখতার, আইন কর্মকর্তা ও জেলা জজ মোঃ মাসুদ পারভেজ এবং উপসচিব তসলিমা নূর হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর এবং খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ শামীম হোসেন।
খুলনা বিভাগের ১০ জেলার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ প্রশিক্ষণে মামলা পরিচালনার প্রক্রিয়া, এসএফ লেখার কৌশল এবং সংশ্লিষ্ট আইন-বিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
ঊআ-মোহন চৌধুরী
