খুলনায় বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মেলায় প্রায় এক কোটি নয় লাখ টাকা মূল্যের ৭৭ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি হয়েছে বলে জানিয়েছে মেলা আয়োজক কমিটি।
মঙ্গলবার বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, গাছ আমাদের পরম উপকারী বন্ধু এবং অর্থকারী ফসল। বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ যেমন অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রেই গাছের প্রয়োজন রয়েছে। তাই নিজে গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে।
তিনি বলেন, বৃক্ষ পরিবেশের ক্ষতিকর জলীয় বাষ্পের প্রভাব থেকে রক্ষা করার পাশাপাশি বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন সংরক্ষক ইমরান আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এবং খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান।
অনুষ্ঠানে নার্সারি মালিক সমিতির সভাপতি মো. বদরুল আলম রয়েল ও সাংবাদিক আল মাহমুদ প্রিন্স বক্তব্য দেন।
জেলা প্রশাসন ও খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মাসব্যাপী এ বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রির পাশাপাশি নানা সচেতনতামূলক কর্মসূচি ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বৃক্ষমেলা নিয়ে প্রতিবেদন প্রকাশ ও প্রচারের জন্য পাঁচজন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকর্মীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং মেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী স্টল প্রতিনিধিদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
