UsharAlo logo
, |

খুলনায় রথযাত্রায় অংশগ্রহণের আহ্বান জেলা পূজা উদযাপন পরিষদের

Mohon Chowdhury
জুলাই ১৪, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১৬ জুলাই রথযাত্রা উৎসব উপলক্ষে খুলনার সনাতন ধর্মাবলম্বীদের রথের টানে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা জেলা শাখা।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রথযাত্রা সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এবং বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। সময়ের পরিক্রমায় এ উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শাস্ত্রমতে মানুষের দেহ হচ্ছে রথ এবং ঈশ্বর হচ্ছেন তার সারথি। ভগবান শ্রী জগন্নাথের দর্শনের মাধ্যমে জন্ম-মৃত্যুর বন্ধন থেকে মুক্তিলাভ সম্ভব—এই বিশ্বাস থেকেই সনাতন ধর্মাবলম্বীরা রথযাত্রা পালন করে থাকেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা মহানগরীর আর্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রা শুরু হবে। পরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথ টানার কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ আয়োজন করেছে আর্য ধর্মসভা মন্দির ও গোপাল সেবাশ্রম, দক্ষিণ টুটপাড়া।

বিবৃতিতে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ পদ দাশ, সাধারণ সম্পাদক বিমান সাহা, সহ-সভাপতি রতন কুমার মিত্রসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রথযাত্রা উৎসবে সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণের আহ্বান জানান।