UsharAlo logo
, |

খুলনায় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, আহত ছেলে—মধ্যরাতে সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৬:০১ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পাবলা রোডে স্বর্ণ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার কিশোর ছেলেও আহত হয়েছে।

পুলিশ ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার রাত ১২টা ৩০ মিনিটে পাবলা রোডস্থ ডে-নাইট কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহত স্বর্ণ ব্যবসায়ী সুব্রত অধিকারী (৪৭) আকাঙ্ক্ষা টাওয়ারে অবস্থিত তার জুয়েলারি দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় তার সঙ্গে ছিল ছেলে রিজু অধিকারী (১৫)।

ডে-নাইট কলেজের সামনে পৌঁছালে ৪-৫ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে সুব্রত অধিকারীর পিঠ ও ঘাড়ে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় তার ছেলে রিজু অধিকারীর বাম হাতের কব্জিতেও আঘাত লাগে।

ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১টার দিকে তাদের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।