সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী এমপি বলেছেন, মাগুরা তাঁর নির্বাচনী এলাকা হলেও খুলনা তাঁর প্রাণের শহর। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের কারণে খুলনাবাসীর সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। তাই খুলনার সার্বিক উন্নয়নে তিনি সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন এবং কেডিএ’র উন্নয়ন কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা করবেন।
রোববার (১৬ আগস্ট) দুপুরে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) সম্মেলন কক্ষে চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা, বোর্ড সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী কেডিএ’র চলমান ও প্রস্তাবিত প্রকল্পসমূহের ওপর একটি ডিজিটাল উপস্থাপনা প্রত্যক্ষ করেন।
মন্ত্রী বলেন, সরকারি কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সততা, জবাবদিহিতা ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ বৈষম্যমুক্ত, আত্মমর্যাদাশীল ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।
অনুষ্ঠানে খুলনা-১ আসনের সংসদ সদস্য কুদরতে আমীর এজাজ খান, কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা, বোর্ড সদস্যবৃন্দ এবং কেডিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
