UsharAlo logo
, |

খুলনার ঘাটভোগে সনাতনী সমাবেশে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা রূপসার ঘাটভোগ ইউনিয়নের ডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টায় এক বিশেষ সনাতনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বেদমন্ত্র পাঠ, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করা হয়।

সমাবেশস্থলে পৌঁছান বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল। ডোবা স্কুল মাঠে কয়েক হাজার সনাতনী ধর্মালম্বীর অংশগ্রহণে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্মল চন্দ্র সরদার। মঙ্গলদীপ প্রজ্জ্বলন, চণ্ডীপাঠ ও বিশেষ মন্ত্রোচ্চারণের মাধ্যমে উপস্থিত ভক্তরা প্রার্থনা করেন।

পুরোহিতরা বলেন, “ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান অবশ্যই তার ডাক শোনেন। সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছি। মা চণ্ডীর কৃপায় তিনি যেন শিগগিরই সুস্থ হয়ে জাতিকে নেতৃত্ব দিতে পারেন।”

প্রধান অতিথি আজিজুল বারী হেলাল বলেন, “আজকের এই মিলনমেলায় সনাতনী মতুয়া সম্প্রদায়ের ভাইবোনেরা আন্তরিকভাবে দেশের নেত্রীর জন্য প্রার্থনা করেছেন, যা সারাদেশে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। যারা ১৭ বছর দেশ শাসন করেছেন, তারা গণতন্ত্র ধ্বংস করেছেন। বিএনপি সবসময়ই মানুষের দল। আমাদের স্লোগান— ‘আমরা সবার আগে বাংলাদেশী’। নির্বাচিত হলে আমরা নারীর ক্ষমতায়ন, কৃষক ও স্বাস্থ্য খাতের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করব।”

সমাবেশে ‘ওঁ সর্বমঙ্গল মঙ্গল্যে’, ‘ওঁ জয়ন্তী মঙ্গলা কালী’ মন্ত্র জপ, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এ আয়োজন এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানে খুলনা জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন নেতা, স্বেচ্ছাসেবক, এবং স্থানীয় সনাতনী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঊআ-মোহন চৌধুরী